সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাছা শাখার ‘ইনকিলাব মঞ্চে’র সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাকে গাছা থানায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়।
সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির আহ্বায়ক ও সিনিয়র মুখ্য সংগঠকের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর অভিযোগের বিষয়ে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
