চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে জেলার সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক লিটন আলী। এসময় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রীও। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার আলুকদিয়ায় নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় নাসির উদ্দীন (৪০) নামে এক ইজিবাইকচালক মারা যান। নিহত নাসির উদ্দীন সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিচ্ছিলেন নাসির উদ্দীন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দামুড়হুদায় বৈদ্যুতিক মোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করার উদ্দেশ্যে ঢোকেন শফিকুল। এসময় মোটর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সকালে টিউবওয়েলের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, প্রতিটি ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
