মেহেরপুরে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় মানিক টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন শহরের নতুনপাড়া এলাকার আবু মন্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রোকেয়া খাতুন কসাইয়ের কাছ থেকে গরু ও ছাগলের ভুড়ি কিনে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। প্রতিদিনের মতো আজকেও তিনি কসাইখানায় ভুঁড়ি আনতে গিয়েছিলেন। গরুর মাংস বহনকারী একটি নছিমন করে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে মানিক টাওয়ারের সামনে পৌঁছালে নসীমন ও ইজিবাইকের সংঘর্ষ হয়। এ সময় তিনি নসিমন থেকে রাস্তার উপর ছিটকে পড়েন এবং নছিমনটি উল্টে তার শরীরের উপর পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহতর পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
