গাজীপুরের আদালতের গারদের সামনে থেকে সম্রাট নামের ডাকাতি মামলার আসামি পালিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুইটার দিকে। পালিয়ে যাওয়া আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুরে ডাকাতি মামলার ৬ জন আসামিকে আদালতে নেয়ার জন্য গারদখানায় নেওয়া হয়। গারদ খানায় নেয়ার পর একাধিক ডাকাতি মামলায় অভিযুক্ত আসামি সম্রাট পালিয়ে যায়। এরপর থেকে পুলিশ তাঁকে খুঁজছে, কিন্তু এখনো পায়নি।
পুলিশ জানায়, গারদখানায় নেয়ার পর হাতকড়া পড়ানো অবস্থায় রুমে রেখে পুলিশ সদস্যরা বাহিরে আসে। তবে ডাকাতের হাত অনেক চিকন ছিল, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হাতকড়া খুলে পালিয়ে যায়। গারদখানার একটি সিসি ফুটেজ চেক করে দেখা যায় তিনি দৌড়ে পালিয়ে যাচ্ছে, তাৎক্ষণিক পুলিশ তাকে ধরতে ছুটে গেলেও আর পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে গারদখানা থেকে আসামি পালিয়ে গেছে। সেখানে আমাদের পুলিশ ও কোর্ট পুলিশ ছিল। আমরা ওই আসামিকে ধরতে কাজ করছি।
