রাজধানীর ডেমরা পুলিশ লাইনের একটি বহুতল ভবনের কক্ষ থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহজনিত মানসিক অস্থিরতার বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে স্বজন ও পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা। প্রায় ৯ মাস আগে তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন এবং ডেমরা পুলিশ লাইনের একটি কক্ষে থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, পারিবারিক সমস্যার কারণে তিনি কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি দীর্ঘ আবেগঘন পোস্ট এবং একটি ভিডিও শেয়ার করেন, যেখানে ব্যক্তিগত হতাশা ও মানসিক কষ্টের কথা উল্লেখ ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
আপনি বা আপনার পরিচিত কেউ যদি গভীর মানসিক কষ্টে থাকেন, একা না থেকে পরিবারের সদস্য, বিশ্বস্ত বন্ধু বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ। সংকটের মুহূর্তে দ্রুত সহায়তা নেওয়া জীবন রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।
