বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উদ্যাপন করতে গিয়ে নেত্রকোনায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণ বিজয়ের পর মিছিলের ভিডিও ধারণ করতে তিনতলা ভবনের ছাদে ওঠেছিলেন। একপর্যায়ে হাত থেকে মোবাইল ফোন পড়ে যাওয়ার মুহূর্তে সেটি ধরতে গিয়ে বিদ্যুতের তারে শক খেয়ে নিচে পড়ে মারা যান।
বুধবার দিবাগত মধ্যরাতে শহরের মোক্তারপাড়া এলাকায় সিঙ্গার শোরুম-সংলগ্ন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ সরকার (২৪) নেত্রকোনা পৌরসভার মালনী রোড এলাকার বাসিন্দা বাবুল সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা দল জয় পাওয়ার পর সমর্থকেরা শহরে আনন্দ মিছিল বের করেন। সেই উল্লাসের মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করতে সিঙ্গার শোরুম-সংলগ্ন তিনতলা ভবনের ছাদে ওঠেন দীপ সরকার।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভিডিও ধারণের সময় হঠাৎ দীপের হাত থেকে মোবাইল ফোনটি নিচের দিকে পড়ে যায়। সেটি ধরতে গেলে তিনি ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন দীপ।
ঘটনাস্থলে থাকা লোকজন দীপকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ বলেন, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে। কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
