মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারি মেকানিক আরিফ শুধু হাজিরা দিয়েই ডিউটি শেষ করেন এমন অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়। গত এক সপ্তাহ ধরে অফিস সময়ে মেহেরপুর পৌর ঈদগাহ সংলগ্ন তার কারখানায় গিয়ে তাকে কারখানাতে বসে থাকতে দেখা গেছে।
সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত অফিস করার কথা থাকলেও সরকারি নিয়ম অমান্য করে তিনি শুধুমাত্র হাজিরা দিয়েই শেষ করেন তার ডিউটি। সময় দেন শহরের পৌর ঈদগাহ সংলগ্ন তার ফার্নিচারের কারখানায়। যার একধিক ভিডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এর আগেও এভাবে ডিউটি করার কারণে অফিস থেকে তার সমস্যা হয়েছিল। যে কোন ভাবে বিষয়টি মিটিয়ে নিয়মিত ডিউটি করত আরিফ।
কিছুদিন না যেতেই সেই একই অবস্থা। আগে মিস্ত্রি কারখানা খুলে কাজ করতো আর আরিফ দুপুরের একটু আগে কারখানায় আসতো। বর্তমানে সকালে সে নিজেই কারখানা খোলে এবং অনেক দিনই আছে সে অফিসেই যায় না। এবিষয়ে আরিফের খোঁজ নিতে গত সোমবার অফিস সময়ে আমঝুপি ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে গেলে আরিফের দেখা মেলেনি।
পরে পৌর ঈদগাহ সংলগ্ন আরিফের ফার্নিচারের কারখানায় গেলে তাকে পাওয়া যায়। এসময় অফিস সময়ে কারখানায় কেন জানতে চাইলে তিনি বলেন, অফিসে কাজ কম তাই কারখানায় আছি। অফিসে শুধু হাজিরা দিয়ে চলে আসার কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এলাকার ছেলে হিসেবে নিয়ম তৈরী করে নিয়েছি।
এবিষয়ে আমঝুপি ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ—পরিচালক জিয়াউর রহমান বলেন, কোন স্টাফ তাদের নিজের নিয়মে নয় বরং সরকারি নিয়ম অনুসারে অফিস করেন। এক্ষেত্রে সিস্টেম করে নেওয়ার মতো কোনো সুযোগ কারো নেই। তবুও যদি এমন অভিযোগ করো উপর থাকে তবে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
