মেহেরপুরে পূর্বের লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রকাশ্যে অপহরণের ঘটনা ঘটেছে। তবে ঘটনার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে ভিকটিমকে উদ্ধার এবং ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী মিয়ারুল ইসলাম মিয়া (৬০), কামদেবপুর এলাকার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি তার পরিচিত হৃদয় (৩৫) কে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুর সদর থানাধীন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশের সড়ক দিয়ে যাচ্ছিলেন।
এসময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা আসামীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তাদের পথরোধ করে। পলাতক আসামী হাসিবুল ইসলামের সঙ্গে হৃদয়ের পূর্বের লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রথমে তাকে গালিগালাজ করা হয়। এসময় বাদী প্রতিবাদ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে উভয়ের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
একপর্যায়ে হৃদয় দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করলেও আসামীরা মিয়ারুল ইসলামকে আটকে ফেলে। পরে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে অপহরণ করে মেহেরপুর সদর উপজেলার ফুলবাগান পাড়াস্থ ক্রিসেন্ট ক্লাবে নিয়ে গিয়ে আটকে রাখা হয়।
খবর পেয়ে ডিবি পুলিশ ও মেহেরপুর সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে ক্রিসেন্ট ক্লাব এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ১ থেকে ৫ নম্বর আসামীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় ৬ নম্বর আসামী হাসিবুল ইসলাম কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীরা মামলার আসামীরা হলেন— শহরের ২ নং ওয়ার্ড মুখার্জি পাড়া সেলিম রেজা ছেলে রোহান হোসেন রিয়াদ (২৩), রিপন আলীর ছেলে আঃ রাহিম (১৯), ফুল বাগান পাড়ার শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪), তাতিপাড়ার মহসিন শেখের ছেলে মাহফুজুর রহমান (১৯), এবং মুখার্জি পাড়ার হাফিজুল ইসলামের ছেলে তাজ হোসেন (২৪)
এছাড়া মামলার ৬ নম্বর আসামী ফুলবাগান পাড়ার হাশেম আলীর ছেলে হাসিবুল ইসলাম (২০) বর্তমানে পলাতক রয়েছে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় বাদী একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
