জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নকআউট পর্ব নিশ্চিত করা আর্জেন্টিনা। রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকবেন না লিওনেল মেসি। বিষয়টি শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
প্রশ্নের জবাবে কাতার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী এই কোচ বলেন, ‘লিও আগামীকাল বদলি হিসেবে খেলবে, দ্বিতীয়ার্ধে। আমরা আগামীকাল দল ঘোষণা করব। যে দল নিয়ে আমরা খেলবো, তার সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের কোনো সম্পর্ক নেই।’
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, এশিয়ার দল জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বলা হচ্ছে, নয় জন খেলোয়াড় পরিবর্তন হতে পারেন। শুধু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ একাদশে থাকতে পারেন। তবে তাকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে আভাস মিলেছে।
এই ম্যাচে নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে মিডফিল্ডার নিকো পাজ, ডিফেন্ডার মার্কো সেনসি, ভ্যালেন্টিন বার্কো এবং নিকোলাস গঞ্জালেসকে। পাশাপাশি অভিজ্ঞ লিয়ান্দ্রো পারদেস ও নিকোলাস ওতামেন্ডিও শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। স্ট্রাইকার জুলিয়ান আলভারেজও থাকতে পারেন শুরুর একাদশে।
আর্জেন্টিনার কোচ স্কালোনি আরও বলেন, ‘আমরা যেভাবে খেলি, দল একইভাবে খেলবে। জর্ডান ভালো দল। আমরা কোনো কিছুই নিশ্চিত ধরে নিচ্ছি না। কিছু পরিবর্তন থাকবে, তবে বলের নিয়ন্ত্রণ ও ম্যাচে আধিপত্য ধরে রাখাই আমাদের লক্ষ্য।’
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, মার্কো সেনসি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, লো চেলসো, লিয়ান্দ্রো পারদেস, ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস।
