গোপালগঞ্জ জেলা শহরের মধ্য মিয়াপাড়ায় রিকশা চুরির অপবাদ দিয়ে আল আমিন শেখ (২৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ মে) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রিকশাচালক আল আমিন শেখ শহরের মধ্য মিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুরের গ্যারেজ থেকে একটি ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন আল আমিন। গত দুইদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হয়ে যায়। এই ঘটনায় আল আমিনকে চোর সন্দেহে আটকে রেখে কামরুল ও তার সহযোগীরা ওই বাসার ভেতরে দফায় দফায় অমানুষিক মারধর করে।
এদিকে ছেলে নিখোঁজ থাকায় আল আমিনের মা খোঁজাখুঁজি করতে করতে বুধবার রাতে অভিযুক্ত কামরুলের বাসায় যান। সেখানে গিয়ে অনেক ডাকাডাকি করার পর ঘরের ভেতরে ঢুকে বাথরুমের মধ্যে আল আমিনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত কেয়ারটেকার কামরুল ঠাকুর বাড়ি ছেড়ে পলাতক রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অপবাদ দিয়ে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে মারধরের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
