ডেস্ক রিপোর্ট / বিপ্লব রেজা বার্তা মেহেরপুর:
ভারতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জনের বেশি। সংক্রমণের পাশাপাশি দেশে রোজ মৃত্যু পৌঁছে গিয়েছে সাড়ে তিন হাজারের আশপাশে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের উর্ধ্বে। এ নিয়ে কোভিডের জেরে দেশে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন ছাড়ালো। দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সেখানে প্রতিদিন মৃত্যু ৭০০-র বেশি। দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাতেও রোজ মৃতের সংখ্যা উল্লেখযোগ্য। বাকি রাজ্যগুলিতেও দৈনিক মৃত্যু বেড়েছে গত কয়েকদিনে।
নতুন আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ২০ হাজার ১০৭ জনের। গোটা অতিমারি পর্বে এক দিনে এত লোকের করোনা পরীক্ষা এর আগে হয়নি। গত দু’সপ্তাহ ধরেই দেশের সংক্রমণের হার রয়েছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় তা ২০.১৩ শতাংশ। এর পাশাপাশি দেশে টিকাকরণও চলছে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকা না পাওয়ার অভিযোগ উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২২ লক্ষ ২৪ হাজার ৫৩১ জন টিকা নিয়েছেন। এখনও অবধি দেশে টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯।
তথ্য ও সূত্র : আনন্দবাজার পত্রিকা অনলাইন
