ভলান্টিয়ার ফর বাংলাদেশ মুজিবনগর উপজেলা শাখার নবনির্বাচিত বোর্ড আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তামিমুর রহমান তুষার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুনতাসির মাহমুদ।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি তামিমুর রহমান তুষার উপজেলা বোর্ডের সদস্য, ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ ও সংগঠনের সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দায়িত্ব কোনো ব্যক্তিগত অর্জনের বিষয় নয়; বরং এটি সংগঠনের প্রতিটি সদস্যের আস্থা, ত্যাগ ও সম্মিলিত পরিশ্রমের প্রতিফলন।
সভাপতির বক্তব্যে আরও উঠে আসে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা। তিনি জানান, আগামী দিনগুলোতে মুজিবনগর উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তরুণ স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুনতাসির মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, এই দায়িত্ব গ্রহণ তাঁর কাছে একাধারে সম্মান ও গভীর দায়বদ্ধতার বিষয়। তিনি বলেন, সংগঠনের প্রতিটি সদস্যের বিশ্বাস ও নিরলস পরিশ্রমের কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। স্বচ্ছতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ মুজিবনগর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ মুবাশ্বির তাহমিদ তালহা, প্রজেক্ট অফিসার মোঃ রোকন এবং মানব সম্পদ কর্মকর্তা রায়হান কবির।
স্থানীয় সামাজিক সংগঠনসমূহ নবনির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ভলান্টিয়ার ফর বাংলাদেশ মুজিবনগর উপজেলা শাখা আরও শক্তিশালী রূপ নেবে এবং মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে উপজেলায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নবনির্বাচিত কমিটির ঐকবদ্ধ নেতৃত্বে ভলান্টিয়ার ফর বাংলাদেশ মুজিবনগর উপজেলা শাখা সামাজিক উন্নয়ন ও মানবসেবায় নতুন মাত্রা যোগ করবে।
