কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য, রতন নিজ কক্ষে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কয়েকজনের দাবি, রতন ব্রাজিল ফুটবল দলের একজন সমর্থক ছিলেন এবং দলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তার মৃত্যুর কারণ হিসেবে এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
খবর পেয়ে কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর বিষয়ে আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জানা গেছে, নিহত রতনের দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সংবাদ লেখা পর্যন্ত তার দাফনের প্রস্তুতি চলছিল।
