নড়াইলে জ্বালানি তেলের জন্য দীর্ঘ আট ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় পিষে মারলেন এক চালক।শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে নড়াইলের তুলারামপুর এলাকার ‘তানভীর ফিলিং স্টেশন’-এ এই নৃশংস ঘটনা ঘটে। সেই ঘাতক ট্রাকচালক সুজাত আলীকে রোববার বিকেলে যশোরের বাঘারপাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, ঘাতক চালক সুজাত আলী শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত তেলের জন্য লাইনে অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর তেল না পাওয়ায় তিনি পাম্পের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ট্রাক চালিয়ে দিলে নাহিদ চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
রোববার সন্ধ্যায় র্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক মেজর ফজলে রাব্বী এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘটনার পর চালক সুজাত আলী ট্রাকটি নিয়ে পালিয়ে যান। তিনি ট্রাকটি বেনাপোল পৌর ট্রাক টার্মিনালে রেখে যশোরের বাঘারপাড়ায় আত্মগোপন করেন। গোপন খবরে বিকেল সাড়ে চারটার দিকে র্যাব সদস্যরা তাকে সেখান থেকে আটক করে।
অন্যদিকে, নাভারণ হাইওয়ে পুলিশ দুপুরে বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। বর্তমানে ট্রাকটি হাইওয়ে থানায় পুলিশের হেফাজতে রয়েছে।
র্যাব ও পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাত আলী তেল না পাওয়ার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তার চালককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
