মেহেরপুর শহরের কোর্ট এলাকায় ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক ইমনের মামাতো ভাই হুমায়ুন কবির (৪০) নামের একজন আহত হয়েছেন।
রবিবার দুপুর ১টার দিকে শহরের পন্ডের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন শহরের বোসপাড়ার বাবুল হোসেনের ছেলে এবং আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালী এলাকার আবুল খয়েরের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইমন ও হুমায়ুন কবির মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিক থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। একই সময় একটি ইট বোঝাই ট্রাক্টর একই দিক থেকে আসছিলো। পথিমধ্যে শহরের পন্ডের ঘাট এলাকায় সোডাপের সামনে পৌছালে একটি গম বোঝাই ইজিবাইকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইজিবাইকে থাকা গম সড়কে ছড়িয়ে পড়লে চালক হুমায়ুন কবির ও পিছনে থাকা ইমন ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এসময় পিছন থেকে আসা ইট বোঝাই ট্রাক্টরের চাকা ইমনের শরীরের উপর দিয়ে চলে যায়। গুরুত্বর আহত অবস্থায় ইমন ও হুমায়ুনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন কবির বতর্মানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাইভারকে আটক করা সম্ভব না হলেও ট্রাক্টরটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
