চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত সাড়ে ১১ হাজার লিটার জ্বালানিসহ একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে আলমডাঙ্গা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের।
গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়ের আলি হোসেন (৫৩), মোজাম হোসেন (৪৫), পীরপুর গ্রামের রাহেন আলি (২৮) এবং আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের টিটন আলি (৩৭)।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা সোমবার ভোররাতে কয়রাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে একটি দোকানে তেলবাহী লরি (রেজি. নং, ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে ব্যারেলে অবৈধভাবে জ্বালানি তেল নামাতে দেখতে পায়। এ সময় লরিতে থাকা মোট ২, ৮০০ লিটার ডিজেল এবং ৮, ৭০০ লিটার পেট্রোল (ডিপ ও ব্যারেলসহ) জব্দ করা হয়। জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরিসহ জ্বালানি তেল জব্দ করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তারা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় আরও দুজন জড়িত থাকলেও তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।
