বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। দলের প্রধান তারকা নেইমার জুনিয়র এখন পুরোপুরি ফিট এবং প্রয়োজন হলে পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ফোলিয়া দে সাও পাওলো-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, সে পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত।’
বিশ্বকাপে এখন পর্যন্ত সীমিত সময় মাঠে নামলেও দলে নিজের ভূমিকা নিয়ে নেইমারের পেশাদার মনোভাবের প্রশংসা করেছেন ইতালিয়ান এই কোচ। তিনি বলেন, পুরো ম্যাচ খেলতে না পারায় নেইমার স্বাভাবিকভাবেই সন্তুষ্ট নন, তবে অনুশীলন ও দলের প্রতি তার নিবেদন ছিল প্রশংসনীয়।
আনচেলত্তির ভাষায়, ‘পুরো সময় খেলতে না পেরে সে খুব খুশি নয়, কিন্তু তার আচরণ ছিল নিখুঁত। মাঠে সে যেমন অসাধারণ ফুটবলার, মাঠের বাইরেও তেমনি বিনয়ী একজন মানুষ। দলের সবাই তাকে ভালোবাসে। আমাদের জন্য সে অত্যন্ত মূল্যবান একজন খেলোয়াড়।’জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলের পরও ডাগআউটে আনচেলত্তিকে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। সেই কারণও ব্যাখ্যা করেছেন ব্রাজিল কোচ।
তিনি বলেন, ‘আমার কাছে শেষ বাঁশি বাজার আগে ম্যাচ শেষ হয় না। মার্তিনেল্লির গোলের পরও কয়েক মিনিট বাকি ছিল। কোচিং ক্যারিয়ারে এমন অনেক ম্যাচ দেখেছি, যেখানে জয় নিশ্চিত মনে হলেও শেষ মুহূর্তে ফল বদলে গেছে। তাই ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমি শান্ত থাকার চেষ্টা করি।’
শেষ ষোলোর প্রতিপক্ষ নরওয়েকেও যথেষ্ট সমীহ করছেন আনচেলত্তি। বিশেষ করে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের উপস্থিতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
ব্রাজিল কোচ বলেন, ‘নরওয়ে খুবই সংগঠিত একটি দল। তাদের দলে কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। বিশেষ করে হালান্ড বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। তাই ম্যাচটি সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী, নিজেদের সেরাটা খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।’
বিশ্বকাপের শেষ ষোলোর এই বহুল প্রতীক্ষিত ম্যাচে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। পুরোপুরি ফিট নেইমারকে শুরু থেকে এবং সম্ভাব্য পুরো ম্যাচজুড়ে পাওয়ার আশা ব্রাজিল সমর্থকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
