খুলনা নগরীতে ফজরের নামাজ চলাকালে একটি মসজিদের ভেতরে ঢুকে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে মসজিদ কমিটির এক নেতাসহ দুই মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নগরের দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম শেখ (৫৫)। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আলম শেখও গুলিবিদ্ধ হন।
ঘটনার পর অন্য মুসল্লিরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
খুলনা মহানগর পুলিশের দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
