পবিত্র রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি । বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হতে আর মাত্র ৩৬ দিন বাকি রয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সম্ভাব্য তারিখ নির্ধারণে মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। খবর দিয়েছে গালফ নিউজ।
হিজরি সনের মাসগুলো সম্পূর্ণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই প্রতি বছর রমজান ও ঈদের সুনির্দিষ্ট তারিখে একদিনের তারতম্য হয়। দুবাইয়ের সরকারি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, রমজানের সম্ভাব্য শেষ দিন হতে পারে ১৯ মার্চ, যা ২০২৬ সালের বৃহস্পতিবার। সেই হিসাব অনুযায়ী, ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে হিজরি বর্ষপঞ্জির রজব মাস চলছে। সাধারণত হিজরি মাসগুলো চাঁদ দেখার ভিত্তিতে ২৯ বা ৩০ দিন হয়ে থাকে। শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখা গেলেই বিশ্বের বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি সুনিশ্চিতভাবে রোজার তারিখ ঘোষণা করবে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরাও ১৮ ফেব্রুয়ারিকে সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা হিসেবে উল্লেখ করেছেন।
রমজান মাস শুরুর এই সম্ভাব্য সময়কে কেন্দ্র করে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে। বাজার নিয়ন্ত্রণ, ধর্মীয় আয়োজন এবং উৎসবের আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। তবে প্রতিবারের মতো এবারও নিজ নিজ দেশে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই রোজা ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
