জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা | ১৩ জানুয়ারি ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জীবননগর উপজেলার একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০)-কে আটক করা হয়।
পরবর্তীতে ওই ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আইএসপিআর জানায়, অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে বলা হয়, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে অভিযানে অংশ নেওয়া সকল সেনা সদস্যকে সাময়িকভাবে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
