মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনীর উপজেলার আকুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, গাংনী উপজেলা পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম(২২) ও সৌরভ হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকী(২৩)। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজে নবীনবরণ শেষ করে বাড়ি ফেরার পথে মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিয়াম নিহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আব্দুল্লাহ আল বাকিকে কুষ্টিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
