মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাঁদ আলীর বড় ছেলে রুহুল আমিন মারা গেছেন। এ নিয়ে একি দিনে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হলো মেহেরপুরে। এর আগে সকাল ৮টার দিকে রাজনগর নামক স্থানে সৌদিয়া পরিবহনের ধাক্কায় অধির কর্মকার নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। অধির কর্মকার সদর উপজেলার মোমিনপুর গ্রামের মৃত জয়দেব কর্মকারের ছেলে। সাইকেল চালিয়ে আমঝুপি বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় রাজনগর নামক স্থানে তার এক আত্মীয়ের বাড়িতে যাবার জন্য রাস্তা পার হতে গেলেই দ্রুতগামী সৌদিয়া পরিবহনের ধাক্কায় মৃত্যু হয় তার।
এদিকে, মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর শোলমারী সড়কের ফতেপুর গ্রামে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় রুহুল আমিন নামের এক ব্যাক্তি। মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান চাঁদ আলীর বড় ছেলে রুহুল আমিন।
জানা গেছে ঘটনার সময় মোঃ রুহুল আমিন মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে শোলমারী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রুহুল আমিন গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, সেখান কার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
