আলমডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গাতে চাউল, ডাল, গোখাদ্য বিক্রয়কারী ৫ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ।
সোমবার(২২ জানুয়ারি) সকাল থেকে শহরের চাল বাজার, পুরাতন বাজার ও ডামোস অটো রাইল মিলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, চুয়াডাঙ্গা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক আসাদুজ্জামান, আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, উপসহকারি কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ।
অভিযান পরিচালনা কালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে বেশি দামে চাউল বিক্রয় করতে নিষেধ করা সত্বেও চাউল বাজারের মেসার্স সাইম খাদ্য ভান্ডারের মালিক জাহিদুল ইসলামকে পন্যে পাট জাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা, একই অপরাধে মেসার্স আজিবার রহমান ট্রেডার্সের মালিক আশরাফুল হক মুক্তারকে ১ হাজার টাকা জরিমানা করেন। পরে শহরের পুরাতন বাজারের বেশ কয়েকটি চাউল, ভুষি, ডাল বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে মেয়াদোত্তীর্ণ আটা, ভুষি, ও গোডাউনের ভিতরে ময়লা থাকায় মেসার্স লক্ষী ভান্ডারের মালিক অসিত কুমার ঘোষকে ভোক্তাধিকার আইনে ৩০ হাজার টাকা, মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক রুবেল বিশ্বাসকে ৩ হাজার ও আবদার আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় সার্বিক সহযোগিতা ছিলেন আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম ও এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স ।
