আল- আমিন হোসেনঃ
চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিএসটিআই লাইসেন্স না থাকায় দুইটি বেকারি ও একটি তেল মিলে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ ১৭ জানুয়ারি দুপুরে আলমডাঙ্গা শহরের আনন্দধাম সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ।
জানাগেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি তেল মিল ও বিস্কুট ফ্যাক্টারি (বেকারি) ব্যবসা করে আসছে। তারা নিজেরা মিলে তেল মাড়াই করে নিজেরাই সংরক্ষণ করে বাজার জাত করেন। বিস্কুট ফ্যাক্টারি গুলো বিস্কুটের লাইসেন্স নিয়ে কেক, পাউরুটি, ক্রিমরোলসহ নানা প্রকার খাদ্য সামগ্রী তৈরি করে আসছে। বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ ও খুলনার বিএসটিআই ইন্সপেক্টর আবু সিয়াম আলমডাঙ্গা শহরে অভিযান পরিচালনা করেন। তারা শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিএসটিআই লাইসেন্স না থাকায় জনকল্যাণ অয়েল মিলের মালিক রাশেদুজ্জামানকে ৩ হাজার টাকা জরিমানা। বেকারিতে অভিযান চালিয়ে কেক, পাউরুটি ও ক্রিমরোল, মোড়ক ও প্যাকেটজাত করণের বিএসটিআই লাইসেন্স না থাকায় হাউসপুর এলাকায় আরজু ফুডের ম্যানেজার সোহানকে ৩ হাজার টাকা জরিমানা ও একই আইনে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে মনি ফুডের মালিক মনিরুজ্জামানকে ৮ হাজার টাকা জরিমানা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানার এসআই রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
