স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের শিক্ষার্থী আফনান লিয়ন(১৯)।
বুধবার সকালে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।
নিহত লিয়ন গড়গড়ি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আতিয়ার খাঁ’র ছেলে।তিনি হারদি মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন ।
জানা যায় মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন তার এক নিকট আত্মীয়র লাশ দেখতে মেহেরপুর সদরে যান। রাতে তিনি সেখানেই ছিলেন।
এদিকে মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আফনান। বুধবার সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করতে থাকেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢোকেন।
এর আগে মঙ্গলবার রাতে লিয়ন তার নিজ ফেসবুক আইডিতে নিজের ছবিসহ ‘it’s end’ এই পোস্ট করেন। এরই কারণে কাছের আত্মীয় ও বন্ধুদের ধারণা- প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যা করেছেন লিয়ন।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক দেবাশিষ জানান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আফনান লিয়ন ।
