আলমডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতে নোংরা পরিবেশ ও মশা মাছিযুক্ত মিষ্টি তৈরীর কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিন বন্ধের নির্দেশ দিয়েছে
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গা শহরের হাইরোড চারতলা মোড়ে স্বনামধন্য মিষ্টির কারখানাতে এ অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী-পরিচালক সজল আহম্মেদ বলেন, সোমবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাইরোড ও চারতলা মোড় এলাকায় অভিযান পরিচালনাকালে মিষ্টির কারখানাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় চারতলা মোড়ে অবস্থিত মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে দই মিষ্টি তৈরি, কারখানার মধ্যে নোংরা টয়লেটে কর্মচারীদের হাত ধোয়ার সাবানের ব্যবস্থা নায়। এছাড়াও আগের দিনের বাসি রস মিষ্টিতে পড়ে আছে শত শত মাছি এবং মাটির দইয়ের পাতিলে ভোক্তাদের ৫০০-৬০০ গ্রাম পর্যন্ত ঠকানোর প্রমাণ পাওয়া যায়।তিনি বলেন এতোদিন সাধারন মানুষদের ঠকিয়ে যাচ্ছে এবং বাহিরের চাকচিক্যময় দোকান দেখিয়ে ব্যবসা করে আসছে কিন্তু কারখানা যে এতো নোংরা সেটা অনেকেই জানতো না। তাছাড়াও ফ্রিজের দই রসমালাইয়ে মানা হচ্ছেনা মোড়কীকরণ বিধি। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্রী হারান অধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পোকামাকড় মিশ্রিত বাসি রস-মিষ্টি ফেলে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির কারখানা পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নের জন্য ৭দিন বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এসময় অভিযান সহযোগিতায় ছিলেন এস আই তারিফ এর নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
