ডেস্ক রিপোর্ট:
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা ভাইরাস চিকিৎসাধীন অবস্থায় ৭ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। তবে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।
শনিবার (২৬ জুন) সকালে হাসপাতাল দু’টির মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন। শনিবার সকাল ১০টা পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন-যশোরের কেশবপুর উপজেলার ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুর উপজেলার রামপুর গ্রামের মো. ইহসাক সানা (৮০)। এ হাসপাতালে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯৪ জন চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে আইসিইউতে ৭ জন ও এইচডিইউতে ৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে, ২৪ ঘণ্টায় আরও ৫জন রোগী ভর্তি হয়েছেন, এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। সর্বশেষ চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন রোগী।
তথ্য ও সূত্র: দৈনিক ইত্তেফাক
