কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার লালন শাহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম। তিনি রংপুরে পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে । এএসআই কয়েদ উদ্দিন। তিনি রাজশাহী তানোর উপজেলার রাতৈল গ্রামের কছিমদ্দিনের ছেলে।
তারা দুইজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, আজ দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়ামুখী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা। ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভাডভ্যান পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
নিহতদের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
