ডেস্ক রিপোর্ট:
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে প্রচারণার শেষ দিনে নৌকা প্রতীকে ভোট চাইলেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামে তিনি এই গণসংযোগ ও পথসভা করেন। সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নৌকায় ভোট দেওয়ার কথা বলেন তিনি।নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, জেলা পরিষদের সদস্য মোছা. হোসেনে আরা পাখি, চিত্রনায়িকা মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকার, ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত হোসেন টুইংকেলসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন মাহি। পরে ভোলাহাট উপজেলার গোলাবাড়ি গ্রামে একটি পথসভায় বক্তব্য দেন তিনি।
এ সময় মাহিয়া মাহি সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। তার সাথে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানকে নৌকায় ভোট দিতে আহ্বান জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সূত্র জাগো নিউজ ২৪ ডটকম।
