ডেস্ক রিপোর্ট:
অদৃশ্য শক্তি করোনার এই সংকটময় মুহূর্তে দেশের মানুষকে বাঁচাতে বিএনপিসহ দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংকটকালে সাহস জোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে। আমি তাদেরকে বিষোদগার ও সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। করোনাভাইরাস দলমত চেনে না।সোমবার রাজধানীর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘সরকার একলা চলো নীতিতে বিশ্বাসী’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার দলমত নির্বিশেষে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই করোনা মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেনবিএনপি করোনার শুরু থেকে নিজেদেরকে আইসোলেশনে রেখে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ সংকটের শুরু থেকে জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি বলেন, সংক্রমণের উচ্চমাত্রার সঙ্গে তাল মিলিয়ে বিএনপির অপপ্রচারও চলছে উচ্চমাত্রায়। অসহায় মানুষের জন্য তাদের মায়াকান্না বক্তৃতা-বিবৃতিতেই সীমাবদ্ধ।
বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একবার বলে কঠোর লকডাউন আবার বলে লকডাউনে মানুষ হয়রানির শিকার হয়। এখন আবার বলছে কারফিউ সমাধান নয়। আমি বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে জানতে চাই সরকার কি বলছে কারফিউতে সমাধান? তিনি বলেন, মানুষ না বাঁচলে কাদের জন্য রাজনীতি করব? অথচ বিএনপি নেতারা মানুষ বাঁচানোর পরিবর্তে সরকারের সমালোচনা আর দুর্নীতির গন্ধ খোঁজাকেই এই সংকটকালে রাজনীতি হিসাবে চর্চা করে যাচ্ছে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনার এই মহামারিতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেসব দেশে সংক্রমণ ভয়ানক রূপ নিয়েছে সেখানেও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করা হচ্ছে। তথ্য ও সূত্র যুগান্তর
