মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী বাস স্ট্যান্ডের অদূরে চার রাস্তার মোড় সুইপার কলোনির সামনে সড়ক দুর্ঘটনায় ২জন আহত হয়। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার জিয়ারুল ইসলাম (৪০) ও হেলপার খেজমত আলী (৩৫) গুরুতর আহত হয়েছে। খেজমত আলীর বাম হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বেড়পাড়া গ্রামের আমির আলীর ছেলে ও হেলপার একই উপজেলার আমঝুপি গ্রামের খেজমত আলী।
বামন্দী ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজন দের নিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া বামন্দী পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালিভর্তি একটি ট্রাক (যার নং ঝিনাইদহ ট ১১-০৫৩১) বামন্দী চার রাস্তার মোড় সুইপার কলোনীর বাড়ীর সামনে পৌছায়। অপরদিকে বামন্দী পশুহাট থেকে আসা গরু বোঝাই একটি ট্রলি মেহেরপুর কুষ্টিয়া সড়কে হঠাৎ উঠে পড়ে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা মারে এবং উল্টিয়ে যায়।
এই দুর্ঘটনার খবর পেয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) বজলুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
