আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হয়ে মেহেরপুরে পৌঁছালেন
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌঁছালে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিকে এর আগে মাহফুজুর রহমান রিটন ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে মেহেরপুরে নেওয়া হয়। মাহফুজুর রহমান রিটন একটি খোলা মাইক্রোর উপরে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। এসময় শত শত মোটরসাইকেল, ইজিবাইক, রিক্সা সহ অন্যান্য যানবাহন মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
রবিবার বিকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে মফিজুর রহমান মুক্ত মঞ্চে মাহফুজুর রহমান রিটন কে সংবর্ধনা দেয়া হয়। মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম হারুন ইমতিয়াজ-বিন জুয়েলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমূখ।
