মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা কাজী মমিনুল ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে হোটেল বাজার জামে মসজিদের সামনে তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে মরহুমের মরদেহে জাতীয় পতাকায় আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে সদর থানার ওসি শাহ দারা খান,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ)আব্দুল মালেক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেহেরপুর শহরের শহীদ গফুর সড়কের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী মমিনুল ইসলাম সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
