মেহেরপুরের মুজিবনগর উপজেলার টুঙ্গী গোপালপুরে বড় ভাই রফিকুলের মরদেহ দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ছোট ভাই আলতাব। দুর্ঘটনায় আমজাদ নামের আরও এক ভাই গুরুত্বর আহত হয়েছেন। আহত আমজাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। তারা একই গ্রামের মৃত হেকমত আলীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গতকাল রাতে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয় বড় ভাই রফিকুল ইসলামের। দুই ভাই আলতাব ও আমজাদসহ আত্মীয়-স্বজনরা বাড়িতেই অবস্থান করছিলেন। খবর পেয়ে রাতেই আমজাদ হোসেনের ছেলে বড় চাচার মরদেহ দেখতে যশোর থেকে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। ছেলেকে নিতে দুই ভাই আলতাব ও আমজাদ সদর উপজেলার বারাদিতে অবস্থান করে। ছেলে বারাদি পৌছালে বাবা আমজাদ ও চাচা আলতাব তাকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হন। এসময় গ্রামে ঢোকার আগেই তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে তারা সড়কে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আমজাদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়।
একই পরিবারের দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু এবং আরেক ভাই আহতের ঘটনায় স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
