ডেস্ক রিপোর্ট:
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা হতে পারে বাংলাদেশ ও ভারতের-টুর্নামেন্ট শুরুর আগে এমনটিই ভেবেছিলেন সবাই। তবে টুর্নামেন্টের দুই ফেবারিটের দেখাটা ফাইনালে নয়, হয়ে যাচ্ছে সেমিফাইনালেই। গ্রুপ ম্যাচে নেপালের কাছে ভারতের হারই বদলে দিয়েছে সমীকরণ। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ এখন ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ভারতের।
এটা বাংলাদেশের কিশোরদের জন্য ফাইনালের আগে ফাইনাল। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শ্রীলংকার কলম্বোয় শুরু হবে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল ম্যাচ। সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নেপাল ও স্বাগতিক শ্রীলংকা।
শ্রীলংকাকে ৫-১ ও মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বের খেলার ধারাবাহিকতা ধরে রেখে সেমিফাইনালেও ভারতকে হারিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ লাল-সবুজ জার্সিধারী কিশোররা।
অধিনায়ক ইমরান খান বলেছেন,’আমরা ধরে নিয়েছিলাম ভারতের বিপক্ষে আমাদের ফাইনালে দেখা হবে। কিন্তু হয়ে গেল সেমিফাইনালে। আমরা ভারত ও নেপালের ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখেছি। ভারতের দূর্বলতা কি, শক্তির জায়গাটা কোথায় সেটা দেখেছি। এ নিয়ে কোচ আমাদের কাজ করিয়েছেন। আশা করি, ভারতকে হারিয়েই ফাইনালে উঠতে পারবো।’
আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক করা ফরোয়ার্ড মিরাজুল ইসলাম বলেছেন,’সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে আমরা সবাই মুখিয়ে আছি। হয়তো তাদের সঙ্গে ফাইনালে দেখা হতো। কিন্তু তার আগেই হয়ে যাচ্ছে। আমাদের সবার মধ্যেই ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার তাড়না কাজ করছে। আমাদের চেষ্টা থাকবে ভাল খেলা উপহার দিয়ে ফাইনালে উঠতে। তারপর চ্যাম্পিয়ন হতে।’
আগের ম্যাচে হ্যাটট্রিক করেছেন, এই ম্যাচে কি লক্ষ্য? মিরাজুল ইসলাম বলেছেন,’মালদ্বীপের বিপক্ষে ম্যাচে আমার সতীর্থ অনেক সহযোগিতা করেছে। আশা করি এই ম্যাচে করবে। আমি গোল করতে চেষ্টা করবো। ভারতের বিপক্ষে গোল পেলে সেটা হবে আরো খুশির।’
প্রধান কোচ পল স্মলি একদিকে ভারতের বিপক্ষে ম্যাচটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এবং অন্যদিকে তার শিষ্যদের আগের দুই ম্যাচের পারফরম্যান্সে আশাবাদীও আছেন ‘আমরা নেপালের বিপক্ষে ভারতের ম্যাচটি দেখেছি। ভারত অবশ্যই ভাল দল। তাদের হারাতে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আশা করি, আমাদের ছেলেরা ভারতকে হারিয়ে ফাইনালে উঠবে এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বো।’ সূত্র জাগো নিউজ ২৪ ডটকম।
