ডেস্ক রিপোর্ট:
দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৬৩৯ জনে। এর আগে, গতকাল ১১ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল।
সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৬৭ জন। যেখানে শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ৭৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।
তথ্য ও সূত্র ইত্তেফাক
