মেহেরপুরের গাংনী পৌর এলাকার দোকানের কর্মচারীরা লকডাউনের প্রথম দিনই খাদ্যের দাবিতে বিক্ষোভ করেছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে গাংনী পৌর এলাকার প্রধান সড়কে এ বিক্ষোভ করে তারা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভকারীরা বলেন, এক সপ্তাহ ব্যবসা প্রতিষ্ঠান লকডাউনে থাকলে দোকান মালিক কর্মচারীদের বেতন দিবে না। আবার সরকারি কোন খাদ্য সহায়তা আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে আমাদের পরিবারের সদস্যদের জীবনধারণ কিভাবে সম্ভব। গত লকডাউনের ধার দেনা এখনো আমরা শোধ করতে পারেনি। কর্মচারীদের বিক্ষোভের সাথে একত্ত্বতা ঘোষনা করেছে গাংনী বাজারের দোকান মালিক সমিতি। গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুল হক স্বপন জানান, কর্মচারীদের বিক্ষোভের যুক্তিকতা রয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে তিনি সরকারি সহযোগিতা কামনা করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী ব্যবসায়ী মালিক ও কর্মচারীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান দিবেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, প্রয়োজনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা গ্রহন করা হবে। তবে তিনি ব্যবসায়ী ও কর্মচারীদের সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলাচল করার জন্য আহ্বান জানান।
previous post
