মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম খালেক নির্বাচনী পথসভায় ঘোষনা দিয়েছেন নৌকার ভোট হবে ওপেন টেবিলে। এক বারের জায়গায় দুবুর দেবেন, দুবুরের জায়গায় তিন বির দেবেন। ভোট দিয়েই দেবেন। পুলিশ, প্রিজাইডিং কর্মকর্তারা কিচ্ছু করতে পারবেন না।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নে আমতৈল-মানিকদিয়া গ্রামে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেলবার হোসেনের নির্বাচনী পথসভায় এমন বক্তব্য দেন তিনি। গত শনিবার সন্ধ্যায় ১ মিনিট ৩৪ সেকেন্ডের এই বক্তব্যেটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এই বক্তব্য নিয়ে জেলাব্যাপী সমালোচনার ঝড় উঠে।
ভিডিওটিতে এম এম খালেককে বলতে শোনা যায়, আমাদের এলাকার ডিসিশন নৌকার ভোটটি আমরা টেবিলে দেবো আর মেম্বারের ভোটটি গোপন কক্ষে দেবো। এখানে প্রশাসনে যারা আছেন পুলিশ, প্রিসাইডিং, পোলিং কর্মকর্তাদের কিছু করার নেই। তাদের কিচ্ছু বলার নেই। আমি ভোট দেবো টেবিলে দেবো, ওপেন দেবো। যদি প্রশাসন বাঁধা হয়ে দাঁড়ায়, আমরা লন্ডনে থাকবো না। আপনাদের আশপাশেই থাকবো। ফোন খোলা থাকবে। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী স্বয়ং আছেন। আমাদের মন্ত্রী আছেন, এমপি আছে। অন্যান্য লিডার বর্গরা সবাই আছেন। আপনাকে ভোট দেওয়ার সময় যদি কেউ ঠেলা দেয়, তবে আপনিও তাকে ঠেলা দেবেন। আপনারা সেন্টার নিয়ন্ত্রণে নেবেন, সেন্টার আয়ত্তে নেবেন। (ভিডিও সংরক্ষিত)
এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার পাশা আনারস প্রতীক, বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনি মোটরসাইকেল প্রতীক এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জান মোহাম্মদ মিন্টু লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ষোলটাকা ইউনিয়ন সহ সকল চেয়ারম্যান প্রার্থীরা মনে করছেন নির্বাচনী আচরণ বিধির প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এই ধরণের নেতিবাচক বক্তব্য জনমনে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি করছে।
এ বিষয়ে কথা বলার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার বলেন, চলমান নির্বাচনে গাংনী উপজেলা থেকে কোনো প্রার্থীর অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুরে ওপেন টেবিলে নৌকায় ভোট মারার ঘোষনা দিলেন এম এ খালেক
previous post
